পুলিশকে তথ্য দিয়ে নিরাপত্তা সেবা নিতে আইজির আহ্বান

 
 
যাকাত প্রদান বা অন্য যেকোনো অনিয়ন্ত্রিত বড় জনসমাবেশে মানুষের নিরাপত্তা বিধানে পুলিশি সহায়তা নেয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছেন আইজি এ কে এম শহীদুল হক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়—অনুষ্ঠানের কমপক্ষে একদিন আগে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তথ্য প্রদানের সুযোগ রয়েছে। www.police.gov.bd এই ওয়েব সাইট থেকে যেকোনো জেলার পুলিশ সুপার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোন নম্বর অথবা ই-মেইল অ্যাড্রেস সংগ্রহ করে তথ্য প্রদান করা যেতে পারে।
 
বাংলাদেশ পুলিশ আবহমানকাল থেকে রাত-দিন জননিরাপত্তা সেবা দিয়ে আসছে। পুলিশকে তথ্য না দিয়ে কোনো জনসমাবেশ করলে যদি মানুষের নিরাপত্তা ব্যহত হয়, তাহলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়ে থাকে।
 

মানুষের নিরাপত্তা রক্ষার জন্য প্রত্যেক ব্যক্তিরই দায়িত্ব রয়েছে। আপনার দেয়া একটি তথ্য মানুষের জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। আবার নিরাপত্তা সংক্রান্ত একটি তথ্য গোপন করা হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে। সে জন্য তথ্য দিয়ে পুলিশি নিরাপত্তা সেবা গ্রহণের জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।