উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে একত্রে কাজ করতে হবে: আনোয়ার হোসেন মঞ্জু

পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ও মতের মধ্যেও জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে একত্রিতভাবে কাজ করে যেতে হবে। পরাধীন আমলের রাজনৈতিক ধ্যান-ধারণার পরিবর্তন আনা আবশ্যক।

 
তিনি গতকাল শুক্রবার ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে শরিক মুসল্লি ও রোজাদারদের উদ্দেশে আরো বলেন, আল্লাহর ইচ্ছায় আমরা আজ এই ইফতারে সমবেত হওয়ার তওফিক অর্জন করেছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের ব্যক্তি ও গোষ্ঠিগত জীবনে প্রয়োজন তথা উন্নয়নের শেষ নেই। সকলেই বাংলাদেশের উন্নয়ন চায়, তবে এক্ষেত্রে ব্যক্তিগত ও গোষ্ঠিগত জীবনে চাহিদার সীমারেখা নির্ধারণ করতে হবে। আমাদের গন্তব্যের নির্ধারিত লক্ষ্য থাকতে হবে। মহান ব্যক্তিরা বলেন পরিশ্রম কর, আমরাও বলি এলাকার জন্য, দেশের জন্য, মানুষের জন্য একত্রিতভাবে কাজ কর। এক্ষেত্রে পরিকল্পনা ও অগ্রাধিকার নির্দিষ্ট করা প্রয়োজন। উন্নয়ন হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। আমরা অতীতের কারও কাজের স্বীকৃতি দিতে কার্পণ্য করি। কেউ কেউ অন্যের চরিত্র হনন করি, এটা উদার মানসিকতার পরিচয় নয়। আমরা নিজেরাই নিজেদের দেশ শাসন করি বলে সমবেতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কাজে রাজনৈতিক বিভাজন থাকা ঠিক নয়, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে। প্রশাসনসহ সকল ক্ষেত্রে এই ধারা কার্যকর করতে হবে।  
 
ভাণ্ডারিয়ার ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ জোমাদ্দার খশরু, উপজেলা জাতীয় পার্টির (জেপি) যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেপির কেন্দ্রীয় নেতা ও উপজেলা আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, জেপির কেন্দ্রীয় নেতা ও ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভাণ্ডারিয়া উপজেলার ভাইস চেয়ারম্যানরা, ইউপি চেয়ারম্যানসহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক ও সমাজসেবী এবং মহিলারাও ইফতারীতে শরিক হন।
 

মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ইফতারীর পর ভাণ্ডারিয়া উপজেলা মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগদান করেন। এ সভায় পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এ সভায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ইউপি চেয়ারম্যানদের মধ্যে ভাণ্ডারিয়ার গোলাম সরওয়ার জোমাদ্দার, নদমুলার শফিকুল কবীর তালুকদার বাবুল, ধাওয়ার সিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়ার মশিউর রহমান মৃধা, ইকড়ির তানভির হোসেন বাবু, গৌরিপুরের বদিউজ্জামান টিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, ওসি কামরুজ্জামান তালুকদার প্রমুখ। সভার শুরুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত পা চালিত সেলাই মেশিন ও শিশু কল্যাণ তহবিলের অর্থের চেক বিতরণ করা হয়। বিকালে মন্ত্রী ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুরের পর পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন  ভাণ্ডারিয়া থানা ইকোপার্কে ফুলের চারা রোপণ করেন। এ সময় বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। দুপুরে মন্ত্রী নদমুলা বাজার সংলগ্ন সাইক্লোন শেল্টারে নদমুলা-শিয়ালকাঠি ইউনিয়নের সুবিধা বঞ্চিতদের মাঝে ভিজিএফ’র  ত্রাণ চাল এবং দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে গরীবদের মাঝে কাপড় বিতরণ করেন। এর আগে মন্ত্রী ধাওয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ওই ইউনিয়নের সুবিধা বঞ্চিতদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেন।