জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল মিয়া স্বাধীন (প্রত্নতত্ত্ব বিভাগ, ৩৭ তম আবর্তন) ও সাহিত্য বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৩৮ তম আবর্তন)। তাদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত ডেইরি ফার্মের ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডেইরি ফার্মের ভেতরে রাসেল ও সানোয়ার যখন ইফতার করছিলেন ওই সময় ১০-১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এক রাজমিস্ত্রি তাদের অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সিএনজিতে করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।