কেন্দুয়ায় সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম গ্রামে মাছ কেনা নিয়ে সংঘর্ষে আহত আল আমিন (২২) নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
আল আমিন গোপালাশ্রম গ্রামের নূর মিয়ার ছেলে। ওই সংঘর্ষে গত সোমবার আহত নায়েব আলী (৫৮) নামে এক ব্যক্তি মারা যান।
 
গত শনিবার সকালে স্থানীয় বাজারে মাছ কেনার আধিপত্যকে কেন্দ্র করে গোপালাশ্রম গ্রামের ফারদিল মিয়া ও একই গ্রামের ওয়াহিদ মিয়ার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আল আমিন ও নায়েব আলীসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আল আমিন ও নায়েব আলীকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে গত সোমবার সকালে নায়েব আলী মারা যান এবং তার মৃত্যুর চার দিন পর শনিবার সকালে চিকিত্সাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
 
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।