বিএনপি-জামায়াতের ডাকা সরকার বিরোধী আন্দোলনে পেট্রোল বোমা ও সহিংসতা চালানোর বিষয়ে জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।
বিএনপি কখনো নাশকতার সঙ্গে জড়িত ছিল না দাবি করে দলটি বলছে, এই সরকারের অধীনে স্বাভাবিক তদন্ত হলে তদন্তকারীদের কাছ থেকে ন্যায়সংগত তদন্ত আশা করা যাবে না। সে জন্য জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে তদন্ত করা প্রয়োজন।
একই সঙ্গে আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরানোর বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা দেয়ারও দাবি জানানো হয়।
শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এসব দাবি জানান।
‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করা হবে’ সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ তদন্ত দাবি করেন তিনি।
রিপন বলেন, নাশকতার জন্য বিএনপি নেত্রী হুকুম দিয়েছেন বলে সরকার অভিযোগ করছে এবং এর সঙ্গে বিএনপির নেতারা যুক্ত বলে অভিযোগ করা হচ্ছে। কিন্তু বিএনপি বা তার কোনো নেতা পেট্রোল বোমা বা এই ধরনের কোনো নাশকতার সঙ্গে জড়িত নয়। এই দল নাশকতায় নয়, গণতন্ত্রে বিশ্বাস করে।
বিএনপির এই মুখপাত্র বলেন, আন্তর্জাতিক তদন্ত হলে নাশকতায় সত্যিকার অর্থে কারা জড়িত তা বেরিয়ে যাবে। তখন বিএনপির চেয়ারপারসনের কথার যথার্থতা প্রমাণিত হবে- এই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। কিন্তু আন্তর্জাতিক তদন্ত না করে যদি বিরোধী দল বা শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা চালানো হয়, তাহলে গণতন্ত্রের জন্য ভালো হবে না।