'সরকারের আন্তরিকতায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশ'


কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকার কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজে অধিক আন্তরিক। বর্তমান সরকারের আন্তরিক চেষ্টায় বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

শনিবার সকালে শেরপুরের নকলা উপজেলার বানেশ্বদী ইউনিয়ন পরিষদ চত্বরে গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করে মানুষের কল্যাণ ও দুঃখী মানুষের সেবার জন্য। উন্নয়নের কথা বলে জনগণের সাথে প্রতারণা করার জন্য নয়।

কৃষিমন্ত্রী আরো বলেন, "বঙ্গবন্ধু পরিবারের সন্তানরা শিক্ষায়, সভ্যতায় ও সংস্কৃতিতে সারা বিশ্বে নজর কাড়ছে। অপরদিকে খালেদা জিয়া 'সুযোগ্য' পুত্ররা মানিকগঞ্জ থেকে নকল করে বিএ পাশ করে এখন লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।"

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ডঃ এ, এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী মনি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজাহারুল আনোয়ার মহব্বত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল প্রমুখ।