৫ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ভৈরব নদে তলিয়ে যাওয়া স্কুলছাত্রের


শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ব্রিজের নিচে ভৈরব নদে এক স্কুলছাত্র তলিয়ে গেছে। শনিবার বেলা একটায় সে নিখোঁজের ৫ ঘণ্টা পরও সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ মিরাজ (১৪) যশোর মুসলিম একাডেমির নবম শ্রেণির ছাত্র। সে শহরের ঘোপ জেল রোড এলাকার  খোকনের ছেলে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি দল স্কুল ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
পুলিশ জানায়, মিরাজ তার এক বন্ধুকে নিয়ে বাবলাতলা ব্রিজের নিচ থেকে একটি ডোঙায় চেপে মাছ ধরতে ধরতে দড়াটানার দিকে আসছিল। শনিবার বেলা একটার দিকে দড়াটানা ব্রিজের কাছে ডোঙাটি ডুবে যায়। বন্ধু সাঁতরে কূলে উঠতে পারলেও মিরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

যশোর ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু জানান, খবর পাবার পরপরই স্টেশন অফিসার মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে একদল উদ্ধারকারী কিশোরের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুপুরে খুলনা থেকে দুজন ডুবুরিসহ ৫ সদস্যের একটি দল উদ্ধার অভিযান শুরু করেছে। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।

উল্লেখ্য, খরস্রোতা ভৈরব নদের যশোর শহরের এই অংশে কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। শহরের প্রাণকেন্দ্র হওয়ায় শত শত উৎসুক মানুষ ব্রিজের ওপর দাঁড়িয়ে কিশোরের উদ্ধার অপেক্ষার প্রহর গুণছে।