গ্রিসের পার্লামেন্ট অর্থনৈতিক সংকট কাটাতে দেশটির সরকারের সর্বশেষ প্রস্তাব অনুমোদন দিয়েছে। শুক্রবার পার্লামেন্ট অধিবেশনে গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনার পর এই অনুমোদন পান গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। গ্রিসবাসী এখন ইউরোজোনের অর্থমন্ত্রীদের আজ রবিবারের বৈঠকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। খবর বিবিসি’র।
২৫১ জন এমপি প্রস্তাবের পক্ষে ভোট দেন। ঋণ মুক্তির ব্যাপারে ইউরোজোনের সহায়তার জন্য প্রস্তাব নিয়ে এগুতে এই এমপিরা গ্রিস সরকারকে সমর্থন দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী সিপ্রাস তার নিজ দলেরই কয়েকজন এমপির ভোট পেতে ব্যর্থ হয়েছেন। তিনি স্বীকার করেছেন, এই প্রস্তাবে এমন অনেক কিছুই রয়েছে, যা তার নির্বাচনী অঙ্গিকারের মধ্যে ছিল না।
গ্রিস সরকার ঋণ মুক্তির জন্য তাদের এই প্রস্তাব ইউরোজোনের দাতাদের কাছে পাঠিয়েছে। আজ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোজোনের অর্থমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এই প্রস্তাবের ভিত্তিতে গ্রিসকে তৃতীয়বারের মতো সুযোগ দেয়া যায় কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ইতোমধ্যেই অর্থমন্ত্রীরা ব্রাসেলস যেতে শুরু করেছেন। সংস্কার প্রস্তাবে কর বৃদ্ধি, বেসরকারিকরণ এবং পেনশন বিষয়ে নতুন বিধিসহ আরো বেশ কিছু শর্ত রয়েছে। গত রবিবারের গণভোটে গ্রিসের জনগন ‘না’ ভোট দিয়ে এসব প্রস্তাবকে প্রত্যাখান করেছিল।