নাটোরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর লাশ উদ্ধার

নাটোরের সিংড়ায় মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডু (৭০) ও তার স্ত্রী চিত্রা কুন্ডু (৬০) খুন হয়েছেন। শনিবার রাতে দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এসময় দুর্বৃত্তরা ঘরের ভেতরের আসবাবপত্র ও কাগজপত্রা তছনছ করে। নিহতদের বাড়ি উপজেলার কলম ইউনিয়নের শাঐল শাহপাড়া গ্রামে। খবর পেয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক মশিউর রহমান, নাটোর জেলা পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, ইউএনও সালমা খাতুন, সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াদুদ দুদু, স্থানীয় ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু।
 
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
এদিকে, নৃশংসভাবে হত্যা করায় মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা দোষীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনকে ৭দিনের আল্টিমেটাম দিয়েছেন। ময়না তদন্ত শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডু ও তার স্ত্রী চিত্রা কুন্ডু। রাতের কোন এক সময় ঘরের বাইরে বের হলে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের হাত ও পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।
 
রবিবার ভোরে সেহরীর সময় স্থানীয় লোকজন তাদের বাড়ির টিউবয়েলের পাশের উঠোনে তার স্ত্রী চিত্রা ও ঘরে চৌকির উপর তোষক চাপা অবস্থায় মুক্তিযোদ্ধা ননী গোপালের মৃতদেহ এবং ঘরের আসবাবপত্র-কাগজপত্র তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 
 
খবর পেয়ে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
 
এলাকাবাসী আরও জানায়, প্রায় ৫ বছর যাবত এই দম্পতি শাঐল শাহপাড়ায় বসবাস করে আসছে। এরআগে তারা একই ইউনিয়নের পুণ্ডরী গ্রামে পৈত্রিক বসতবাড়িতে বসবাস করত। জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ৫বছর পূর্বে তারা ওই স্থান ত্যাগ করে। তার ২ ছেলে রয়েছে। বড় ছেলে পুলক (৩০) ও ছোট ছেলে পিনাক (২৭) ২ জনই ভারতে বসবাস করে। কিছুদিন আগে তাদের অনুপস্থিতিতে বাড়িতে চুরি হয় বলে এলাকাবাসী জানায়। 
 
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াদুদ দুদু জানান, এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনকে ৭দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। এর মধ্যে দোষীরা আটক না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দু’টি ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তদন্ত শেষে সঠিক বিষয় উদঘাটন পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।