জনতার হামলার মুখে অনেকটা পালিয়ে আত্মরক্ষা করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেকজান্ডার ভুসিচ। বসনিয়ার সেব্রেনিকা গণহত্যার ২০তম বার্ষিকীর অনুষ্ঠানে নিহতদের সমাধিতে ফুল দিতে গিয়ে শোকার্ত জনতার রোষের মুখে পড়েন সার্বিয়ার প্রধানমন্ত্রী।
যুগোস্লাভিয়া থেকে আলাদা হওয়ার সময় ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা যুদ্ধের সময় বসনিয়ার সার্বদের অর্থ এবং সামরিক সহায়তা দিয়েছিল সার্বিয়া। সে সময় সার্বদের হাতে সেব্রেনিকায় প্রায় আট হাজার বসনিয় মুসলিম পুরুষ ও বালক নিহত হয়েছিল। আর পুরো যুদ্ধে প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয়।
সেব্রেনিকা গণহত্যার ২০তম বার্ষিকীতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও আরো অনেকের সঙ্গে আমন্ত্রিত ছিলেন ভুসিচ। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরপরই জনতা ভুসিচকে লক্ষ্য করে ঢিল ও বোতল ছুঁড়তে থাকে। ঢিলের আঘাতে তার চশমাও ভেঙে যায়। এ সময় দ্রুত দেহরক্ষীরা ভুসিচকে ঘিরে ধরে জনতার ভিড় ঠেলেই সেখান থেকে বের করে নিয়ে যায়। হামলার সময় অনেককেই ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিতে শোনা যায়।
খবর রয়টার্সের।