ঈদ-উল ফিতরের আর এক সপ্তাহও বাকি নেই। কেনাকাটা ও ঘরে ফেরা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নগরবাসী। গত কয়েক দিনের বৃষ্টির বাধা শেষে উঠেছে সূর্য। তবে এ সময় দীর্ঘ হচ্ছে না।
আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
আবহওয়া অধিদফতর জানায়, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথা কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মধ্য প্রদেশ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজ্যস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
খবর বাসসের।