লক্ষ্মীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

 
লক্ষ্মীপুর সদর উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর হত্যা অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী খলিলুর পলাতক রয়েছেন।
 
নিহত গৃহবধূ সালমা বেগম সদর উপজেলার চর লামচী গ্রামের মৃত সানাউল্যাহর মেয়ে।
 
নিহতের স্বজনদের অভিযোগ, তিন মাস আগে খলিলুরের সাথে সালমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই খলিল যৌতুক দাবি করে আসছিলেন। শনিবার রাতে এই নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে খলিল বাড়ির পরিত্যক্ত একটি ঘরে স্ত্রী সালমা বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
 
পরে গৃহবধূর চিত্কারে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেয়ার পথে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সালমা মারা যান।
 
নিহতের মা পারুল বেগম জানান, বিয়ের পর থেকে সালমার সাথে স্বামী খলিলের বনিবনা ছিল না। সব সময় সালমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতো খলিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
 
খলিলুরের স্বজনদের পক্ষের দাবি, সালমা নিজেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে। এ ঘটনার সাথে তারা কোনোভাবে জড়িত নন।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর স্বামীসহ অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।