পশ্চিমাদের বিরুদ্ধে পিছুটানের অভিযোগ ইরানের

 
ইরানের সঙ্গে পরমাণু বিষয়ক চুক্তিতে পৌঁছতে ছয় বিশ্ব শক্তির আলোচনা অব্যাহত রয়েছে। তবে চুক্তির সম্ভাবনা এখনও দৃশ্যমান নয়। ইরান পশ্চিমাদের বিরুদ্ধে পিছুটান দেয়ার অভিযোগ এনেছে কিন্তু ওয়াশিংটন বলেছে, আলোচনা সামনের দিকে এগিয়ে নিতে তারা প্রস্তুত।
 
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানোর সময়সীমা গত দুই সপ্তাহে মধ্যে তৃতীয় দফায় বাড়ানো হয়েছে। ইরান ও ছয় বিশ্বশক্তির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবারের মধ্যে মতৈক্যে পৌঁছতে হবে তাদের। এর আগে মার্কিন কংগ্রেসের বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী, শুক্রবারের মধ্যেই একটি চুক্তি হওয়ার কথা ছিল।
 
শুক্রবার অন্যান্য মন্ত্রীদের সাথে বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এই অগ্রগতি ‘কষ্টকর রকম ধীর’। এখনও কিছু বিষয়ে সমাধান হয়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘আগামী ১২ ঘণ্টায় আরো কিছু বিষয় স্পষ্ট করতে বিশেষজ্ঞরা কাজ করছেন এবং এরপর আমরা শেষ প্রতিবন্ধকতাগুলো ভাঙতে ফের বসতে পারি।’
 
তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ১৩ বছরের অচলাবস্থা অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির এই আলোচনা চলছে। সম্ভাব্য চূড়ান্ত চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনবে, যাতে করে পাশ্চাত্য আশ্বস্ত হতে পারে যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না। বিনিময়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইইউর অবরোধ ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে ইরান। সূত্র: এএফপি