জেলার সদর উপজেলার অচিন্ত্যনগর গ্রামে অপহরণের ছয়দিন পর মনিরা খাতুন নামে পাঁচ বছরের এক শিশুর লাশ গ্রামের একটি পাট ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে লাশ উদ্ধার করা হয়। শিশুটির বাবার নাম রমজান আলি।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, গত মঙ্গলবার দুপুরে জুহরের নামাজ শেষে রমজান আলি বাড়ির পাশের মসজিদের বারান্দায় ঘুমিয়েছিলেন। এ সময় তার কন্যা শিশুটিও তার পাশে ঘুমিয়ে ছিল। ঘুম ভেঙ্গে গেলে রমজান আলি তার মেয়েকে না দেখতে পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। রাতে রমজান আলীর মোবাইল ফোনে দু লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় গত মঙ্গলবার রাতেই ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন শিশুটির বাবা। অপহৃত শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযানও চালায় পুলিশ। গতকাল পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে শিশুটির চাচাতে ভাই জিহাদ হোসেনকে গ্রেফতার করে।
রবিবার বাড়ির পাশে পাট ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।