এ বছরও এসএমই ফাউন্ডেশন দেশব্যাপী ১০৫টি প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন বিভাগ, জেলা এমনকি উপজেলা সদরে এসকল ট্রেনিং কর্মসূচির আয়োজন করা হবে। আগস্ট মাস থেকেই এই ট্রেনিং শুরু হবে। প্রতি ব্যাচে ২৫ থেকে ৩০ জন এই ট্রেনিং-এ অংশ নিতে পারবেন।
ট্রেনিং কর্মসূচিতে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারী-পুরুষ অংশ গ্রহণের সুযোগ পাবেন। কোন জেলায় কী বিষয়ের ওপর ট্রেনিং কর্মসূচির আয়োজন করা হবে, তা পত্রিকায় বিজ্ঞাপনের মাধমে জানানো হবে। এ ছাড়া, এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ফাউন্ডেশনে সরাসরি (০১৭১১৯৭২৩২৩, ০১৭১৩০৬৬৭১২) ফোন করেও এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—এসএমই ফাউন্ডেশন এ বছর প্রায় ৩৭ প্রকার বিষয়স্তুর ওপর ট্রেনিং কর্মসূচির আয়োজন করবে। ক্ষুদ্র উদ্যোক্তাসহ কম্পিউটার, ফ্যাশন ডিজাইন, পার্লার ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের হস্তশিল্প, পাটপণ্য, এসএমই উদ্যোক্তাদের ভ্যাট ও ট্যাক্স শীর্ষক প্রশিক্ষণ, ক্ষুদ্র গার্মেন্টস উদ্যোক্তা, ফুটওয়্যার, ডে-কেয়ার সেন্টার, ইন্টেরিয়র ডিজাইন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, বাঁশ ও বেতপণ্য, পাদুকা শিল্পসহ আরো অনেক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।