প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) বলেছেন, মামলার তারিখ দীর্ঘায়িত করে বিচার কাজ বিলম্বিতকরণ কোনভাবেই বরদাশত করা হবে না। তিনি স্বল্পদিনের ব্যবধানে মামলার তারিখ দেয়ার নির্দেশ দেন। গাড়ি পোড়ানোর মামলার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়ে তিনি বলেন, পুলিশের দুর্বল তদন্তের কারণে বিচার বিভাগ নিয়ে রাজনীতিবিদরা অভিযোগের সুযোগ পান। রাজনীতিবিদরা প্রায়ই বলে থাকেন, রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আর পুলিশের দুর্বল তদন্তের কারণে অনেক আসামি আইনের ফাঁক গলে জামিন পেয়ে যায়। গতকাল রবিবার দিনব্যাপী নারায়ণগঞ্জ আদালতের বিচারকাজ পরিদর্শন শেষে বিকালে জেলায় কর্মরত বিচারকদের সঙ্গে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জজ সৈয়দ এনায়েত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল। সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জাকির হোসেন, নারায়ণগঞ্জের বিভিন্ন কোর্টের বিচারক এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস প্রমুখ।