জয়পুরহাটের সহায় সম্বলহীন তিন মুক্তিযোদ্ধার পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকার সংগঠন ” জেগে আছি”। দৈনিক ইত্তেফাক পত্রিকায় ”ব্যাগ তৈরি করে সংসার চালান মুক্তিযোদ্ধার স্ত্রী শিরোনামে একটি সংবাদ ১৭ জুন প্রকাশিত হয়। অপর সংবাদগুলো ” ৮০ বছরের বৃদ্ধার ভাগ্যে জোটেনি বিধবা ভাতা এবং স্বাধীনতার ৪৪ বছরে শহীদ শফির উদ্দিনের পরিবারের কেউ খোঁজ নেয়নি” শিরোনামে পরপর প্রকাশিত হলে ঢাকার সংগঠন ‘জেগে আছি’র নজরে আসে।
সংগঠনটি জয়পুরহাট প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে এবং ওই সকল সহায়-সম্বলহীন পরিবারগুলোকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয়। জেলা শহরের খনজনপুর এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা অমর সরকার (বুড়ো দা’র) পরিবারের হাতে সেলাই মেশিন, ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনসহ কোয়েল চাষের জন্য কোয়েল পাখি ও ব্যাগ তৈরির উপকরণ হিসেবে চটের বস্তা তুলে দেয় জেগে আছি।
এছাড়া বুলুপাড়া এলাকার প্রয়াত ও সুবিধাবঞ্চিত মুক্তিযোদ্ধার স্ত্রী সাহেরা বেওয়া ও জমিরন বিবির হাতে রবিবার একটি করে গরু তুলে দেয় জেগে আছি। এ সব সহযোগিতা প্রদান করেন ‘জেগে আছি’র আব্দুল্লাহ্ নূহ। এ সময় ইত্তেফাকের জয়পুরহাট প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজু উপস্থিত ছিলেন।