বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজে অধ্যক্ষের কার্যালয়সহ তিনটি কক্ষের জানালার গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে কলেজে এক পিওন অধ্যক্ষের কার্যালয়ের তালা খোলার পর বিষয়টি নজরে পড়ে সবার।
প্রাথমিকভাবে কলেজের দুটি ল্যাপটপ, একটি ইন্টারনেট মোডেম ও মূল্যবান কাগজ পত্র খোয়া গেছে বলে ধারনা করছে কলেজ কর্তৃপক্ষ। তবে রাতে দু’জন নাইট গার্ড পাহারায় থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে সাধারণের মাঝে।
কলেজের পিওন ননি গোপাল ব্যানার্জি বলেন, অধ্যক্ষ ম্যাডামের রুমের তালা খুলে গ্রিল ভাঙার বিষয়টি প্রথম দেখেন তিনি। পরে ম্যাডাম ও স্যারদের ফোন করে ঘটনা জানাই।
খানজাহান আলী ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান খোন্দকার আছিফউদ্দিন রাখী জানান, কলেজের পিওন ননি গোপাল ব্যানার্জি ফোন করে তাকে সর্বপ্রথম বিষয়টি জানান। খবর পেয়ে তিনিসহ কলেজের অনান্য শিক্ষবৃন্দ দু্রত কলেজে ছুটে যান।
এ বিষয়ে বাগেহরাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক বলেন, দুইজন নাইট গার্ড থাকা সত্ত্বেও কলেজে কি ভাবে রাতে চুরি হয়। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।