চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ৫

 
হবিগঞ্জে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের ধুলিয়াখাল বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
 
নিহত কাওছার মিয়া (৪০) চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
 
পুলিশ জানিয়েছে, গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে হবিগঞ্জ শহরে যাওয়ার জন্য পাঁচজন ছিনতাইকারী অটোরিকশা ভাড়া নেয়। অটোরিকশাটি ধুলিয়াখাল বাইপাস সড়কে কবির কলেজিয়েট একাডেমির কাছে পৌঁছালে তারা কাওসারের হাত-পা বেঁধে ফেলে। পরে তাকে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ভোরে শ্রীমঙ্গলে অটোরিকশাটি বিক্রি করতে গেলে টহল পুলিশের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করে।
 
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।