ঢাকা-বরিশাল নৌপথে আগামীকাল মঙ্গলবার থেকে চালু হচ্ছে অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি। এতে এই নৌপথে আরামদায়ক ও স্বাচ্ছন্দপূর্ণ ভ্রমণ নিশ্চিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিস উদ্বোধন করবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়।
প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) বিলাসবহুল এ জাহাজে যাত্রী ধারণ ক্ষমতা ৭৫০ জন।
জাহাজে ভিআইপি ফ্যামিলি স্যুট চারটি (গোলাপ, শাপলা, টিউলিপ ও পদ্মা)। প্রথম শ্রেণির সিঙ্গেল ফ্যামিলি স্যুট (ডাবল বেডের কাপড়) ১৮টি, প্রথম শ্রেণির সিঙ্গেল কেবিন চারটি, প্রথম শ্রেণির ডাবল কেবিন ৩৪টি এবং দ্বিতীয় শ্রেণির চেয়ার সিট ৪২টি। ডেকে প্রায় ৫৫০জন যাত্রীর জায়গা হবে।
জাহাজটি জাপানি শক্তিশালী দু’ইঞ্জিন বিশিষ্ট। বাংলাদেশের একটি বেসরকারি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এটি নির্মাণ করেছে।
খবর বাসসের।