সাঁথিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে ‌‌'বন্ধুকযুদ্ধে' ২ পুলিশ আহত

জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার রতনপুর গ্রামে সন্ত্রাসীদের সঙ্গে ‌'বন্দুকযুদ্ধে' দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাজুল ইসলাম (৩২) ও কনস্টেবল জালাল উদ্দিন (৩৫)।
 
এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলম বাহিনীর প্রধান উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রামের বাসিন্দা আলম (৪২) ও তার সহযোগী একই উপজেলার ভবানীপুর গ্রামের সাইদুলকে (৪০) আটক করেছে পুলিশ। 
 
জানা গেছে, আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে একদল সন্ত্রাসী নাশকতার উদ্দেশে অস্ত্র নিয়ে গোপন সভা করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও তাদের উপর পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হঠে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত সন্ত্রাসী আলমকে পুলিশ পাহারায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
 
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মনিররুজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। আটককৃতরা অস্ত্র আইনে করা প্রথম মামলায় আসামি। আর সরকারি কাজে বাধাদানসহ ডাকাতির চেষ্টার অভিযোগে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে অপর মামলাটি করা হয়।
 
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।