বিদ্যুৎ চুরির দায়ে মেটাল কারখানার ১০ লাখ টাকা জরিমানা

কারখানার মিটার এড়িয়ে সরাসরি সার্ভিস লাইন থেকে বিদ্যুৎ চুরির দায়ে ঢাকার কামরাঙ্গিরচরের একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
 
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষতিপূরণ বাবদ মেসার্স ইসলামিয়া মেটাল ইন্ডাস্ট্রিজ নামে ঐ প্রতিষ্ঠানকে সোমবার এ জরিমানা করা হয়। একইসাথে কারখানার মালিকের বিরুদ্ধে কামরাঙ্গিরচর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
গত শনিবার সন্ধ্যায় ঐ প্রতিষ্ঠানে অভিযান চালায় ডিপিডিসির টাস্কফোর্স। এ সময় টাস্কফোর্সের সদস্যরা উদঘাটন করেন, অনুমোদিত মিটার বাইপাস করে সার্ভিস লাইন থেকে সরাসরি কারখানায় বেআইনীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। তাৎক্ষনিক অবৈধভাবে ব্যবহৃত বিদ্যুতের তার জব্দ করা হয়। এছাড়া কারখানার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। কারখানার মালিক মো. তমিজ উদ্দিন অভিযানের সময় উপস্থিত ছিলেন না। গত দুই দিনে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে টাস্কফোর্সের সদস্যরা।
 
এ প্রসঙ্গে ডিপিডিসি’র সচিব ও টাস্কফোর্স প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, ইফতারের সময় সাধারণত টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয় না। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এ সময়টিকে বিদ্যুৎ চুরির মোক্ষম মুহূর্ত হিসেবে বেছে নিয়েছে। ঐ কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা করা হয়েছে।