রাজনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে হত্যায় জড়িত অন্যদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামাfন খাঁন কামাল। ঘটনাটি প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনার মধ্যে সোমবার বিকালে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

আসাদুজ্জামান কামাল বলেন, ঘটনাটি হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। একজনকে রিমান্ডে নেয়া হয়েছে। আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।'

 

উল্লেখ্য, গত বুধবার সকালে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের রাজনকে। নির্যাতনকারীরা শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে তা ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। ঘটনার পরপরই জনতা মুহিত আলম নামে একজনকে ধরে পুলিশে দেয়। সোমবার সকালে ইসমাইল হোসেন আবলুছ নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে রাজনের ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, মস্তিষ্কে আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে শিশুটির। তার শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।