চার মামলায় বিএনপি নেতা মিনুর জামিন নামঞ্জুর

বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনুকে কারাগারে পাঠিয়েছে রাজশাহী মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার নাশকতার চার মামলায় আদালত জামিনের আবেদন নামঞ্জুর করলে দুপুর সোয়া ১২টায় তাকে কারাগারে পাঠানো হয়।
 
পুলিশ জানায়, মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় সোমবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম) আদালতে (ক ও খ অঞ্চল) আত্মসমর্পণ করেন তিনি। একটি মামলায় জামিনের আবেদন মঞ্জুর করা হলেও চারটিতে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। অপর দুই মামলার নথি জেলা জজ আদালতে থাকায় শুনানি অনুষ্ঠিত হয়নি। 
 
রাজশাহীর মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) কোর্ট পরিদর্শক আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেন। 
 
তিনি বলেন, দুপুরের আগে নাশকতার চার মামলায় মিনু রাজশাহীর এমএম আদালত-১ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। এ সময় বিচারক মোকেসেদা আসগর তিনটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে উচ্চ আদালতের জামিন থাকায় একটি মামলায় জামিন বহাল রাখেন আদালত। এছাড়া নাশকতার আরেকটি মামলায় তিনি এমএম আদালত-৫ এ আত্মসমর্পণ ও জামিনের আবেদন জানান। বিচারক জয়ন্তী রাণী দাস ওই আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
এদিকে একই আদালতে তার বিরুদ্ধে দায়েরকৃত নাশকতার অপর দুইটি মামলার নথি জেলা জজ আদালতে থাকায় শুনানি হয়নি। ফলে আসন্ন ঈদুল ফিতরের আগে ওই দুই মামলার শুনানির সম্ভাবনা কম বলে কোর্ট পরিদর্শক জানান।
 
মিনুর জামিন আবেদনের উপর শুনানিতে অংশ নেন রাজশাহী বারের সম্পাদক অ্যাডভোকেট জমসেদ আলীর নেতৃত্বে বিএনপিপন্থি কয়েকজনের একটি প্যানেল।