পুনর্ভবা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নওগাঁর পোরশা উপজেলার পুনর্ভবা নদীতে ডুবে মোস্তফা কামাল (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 
 
জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার নিতপুর ঘেঁষা পুনর্ভবা নদীতে চার সহপাঠী গোসল করতে যায়। নদীতে ঢেউ ও স্রোতের মাত্রা বেশি থাকায় একপর্যায়ে চারজনই ভেসে যেতে থাকে।
 
এ সময় নদীতে মাছ ধরা জেলে ও স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করতে পারলেও মোস্তফা কামাল পানির নিচে তলিয়ে যায়। বিকাল পাঁচটার দিকে তার মৃতদেহ ভেসে উঠে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

মোস্তফা কামাল উপজেলার মৌলভীপাড়ার ইয়ার মোহাম্মদের ছেলে ও পোরশা আলহেরা ইসলামি একাডেমির ৫ম শ্রেণীর ছাত্র ছিল।
 
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।