রাজনের খুনিদের ফাঁসির দাবিতে খেলাঘরের বিবৃতি

 
শিশু সামিউল আলম রাজনকে পৈশাচিক নির্যাতন ও হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। রাজনের খুনিদের অবিলম্বে  গ্রেফতার, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ।
 
বিবৃতিতে খেলাঘর সংগঠকরা বলেন, মিথ্যা চুরির অপবাদ দিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও সবজি বিক্রেতা রাজনকে খুঁটির সঙ্গে বেঁধে যেভাবে লোহার রড দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। মধ্যযুগীয়, নৃশংস, বর্বর ও রোমহর্ষক এ নির্যাতন এবং নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নরপশুদের প্রতি ঘৃণা জানিয়ে কেবল দাবি জানাচ্ছি, এই খুনিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তাদের সহায়তাকারী, পলায়নে সাহায্যকারী এবং আশ্রয়দাতাদেরও সমান অপরাধী গণ্য করে বিচারের আওতায় আনতে হবে।