সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। 
 
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- সলঙ্গা থানার রানীনগর এলাকার মৃত ছমেদ আলীর ছেলে আমজাদ হোসেন (৪৬), একই থানার তেলকুপি গ্রামের মৃত, শামসুল হকের ছেলে জাহাঙ্গীর মাস্টার (২৫), দত্তকোশা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৬), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান (৪০) ও অটোরিকশা চালক দাদুনপুরের আব্দুল হাকিমের ছেলে বকুল হোসেন (২২)। এ ঘটনায় নিহত মাহমুদুলের স্ত্রী তানিয়া খাতুনসহ চারজন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, শাহজাদপুর থেকে ‘নবীনবরণ’ নামে একটি যাত্রীবাহী বাস রাজশাহী যাচ্ছিল। অপর দিকে হাটিকুমরুল থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা উল্লাপাড়া যাবার পথে বোয়ালিয়ায় পৌঁছলে বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার পাঁচজন নিহত ও বাসের চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।