পরমাণু কর্মসূচি: ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের সমঝোতা

 
অবশেষে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে সমঝোতায় এসেছে ছয় বিশ্বশক্তি। মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে তারা ঐক্যমত্যে পৌঁছায়।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করে একজন পশ্চিমা কূটনীতিক বলেছেন, এই চুক্তির জন্য শেষ যে বাধাগুলো ছিল সেসব আলোচনার মাধ্যমে সমঝোতায় আসা গেছে।
 
এই চুক্তিতে ইরানের পরমাণু সম্পর্কিত তত্পরতা কমিয়ে আনা এবং তার পাশাপাশি ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করার কথা বলা হয়েছে।
 
বার্তা সংস্থা রয়টার্সকে দুইজন ইরানি কূটনীতিক নাম প্রকাশ না করে বলেছেন, মঙ্গলবার সকালেই এই চুক্তিতে পৌঁছেছেন তারা।
 
তাদের একজন বলেছেন এই চুক্তিতে পরমাণু সাইটগুলাতে পর্যবেক্ষণের ব্যাপারে একটি সমঝোতা হয়েছে।
 
তারা জাতিসংঘের পর্যবেক্ষক দলকে সেনাবাহিনীর স্থাপনাগুলোতে পর্যবেক্ষণের অনুমতি দেবে। কিন্তু ইরান প্রবেশের ব্যাপারে যেকোন অনুরোধের চ্যালেঞ্জ করতে পারবে।
 
এই সঙ্কট নিরসনের জন্যে দুটো পক্ষের মধ্যে এক যুগেরও বেশি সময় ধরে আলোচনা চলছে। পশ্চিমা দেশগুলো মনে করছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। কিন্তু শুরু থেকেই এই ধারণা প্রত্যাখ্যান করে ইরান বলছে, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যেই তাদের এই কর্মসূচি।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে এই আলোচনা চলছিল। সূত্র: বিবিসি।