সোনা-রুপাসহ ডাকাতদলের সদস্য গ্রেফতার

 
 
পুরান ঢাকার গেন্ডারিয়ার সতীশ সরকার রোড থেকে গত সোমবার দিনগত রাতে ৩২ ভরি সোনা এবং ৮ ভরি রুপার অলংকারসহ রফিকুল ইসলাম নামের ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 
এ ঘটনায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (পূর্ব) মো. মাহবুব আলম এ তথ্য জানান।
 
তিনি বলেন, গ্রেফতার রফিকুলের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি, একটি হাতুরি, একটি লোহা কাটার হেক্সো ব্লেড, একটি পাইপ রেঞ্জ, একটি স্টার স্ক্রু ডাইভার, ৫৯টি সোনার চেইন, চারটি সোনার চুরি, দুটি সোনার গলার হার, চারটি ব্রেসলেট, ১৭টি সোনার আংটি, চারটি নাকফুল, ২৩টি কানের দুল, ১৩টি লকেট, একটি রুপার নুপুর, একটি টিকলি ও ইমিটেশনের বিভিন্ন গয়না উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য হবে প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা।
 
এ চক্রের সদস্যরা ঢাকা শহরের বিভিন্ন বাসা ও সোনার দোকান টার্গেট করে ডাকাতি করে এবং বিভিন্ন স্থানে কৌশলে বিক্রি করে থাকে বলেও জানান তিনি।