লন্ডন যাত্রা স্থগিত করলেন আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তার পূর্বনির্ধারিত লন্ডন যাত্রা স্থগিত করেছেন। ছোট ভাই সৈয়দ মনজুরুল ইসলামের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার সকালে তার লন্ডন যাওয়ার কথা ছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দ আশরাফ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত দুই ঘণ্টা তারা একান্ত বৈঠক করেন। বৈঠকে সৈয়দ আশরাফকে আপতত লন্ডনে না যাওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।  এরপর সৈয়দ আশরাফ লন্ডন যাত্রা স্থগিত করেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 
সূত্র জানায়, এর আগে গত রবিবার গণভবনে শেখ হাসিনা ও সৈয়দ আশরাফ বৈঠক করেন। সেদিনও তাকে লন্ডন যাত্রা স্থগিত করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। গতকাল সন্ধ্যায় ইফতারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে সৈয়দ আশরাফকে গণভবনে ডেকে নেন। গতকাল অফিসার্স ক্লাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের উদ্যোগে আওয়ামী লীগের প্রচার উপপরিষদের ইফতার মাহফিলে যোগ দেন আশরাফ। সেখান থেকে তিনি সরাসরি গণভবনে যান। জানা গেছে, ঈদের পরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হবেন সৈয়দ আশরাফ।
 

এদিকে গতকালও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আশরাফের বেইলি রোডের বাসভবনে গিয়ে দেখা করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কয়েকজন সংসদ সদস্য তার সঙ্গে দেখা করেন। এ ছাড়া সৈয়দ আশরাফের নির্বাচনী এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী তার সঙ্গে দেখা করেন।