সিলেটে শিশু সামিউল আলম রাজনকে নির্যাতন করে হত্যার ঘটনা নিয়ে তোলপাড়ের মধ্যে বরিশাল সরকারি শিশু পরিবারে দুই শিশুর উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। আর অভিযোগ এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। গত ৪ জুলাই বরিশাল সরকারি শিশু পরিবার- বালিকায় (উত্তর) এ ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল ফোনের ক্যামেরায় ধারন করা ওই নির্যাতনের তিন মিনিটের একটি ভিডিও ফুটেজ সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর সরকারি শিশু পরিবার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।
ভিডিওতে দেখা যায়, দুই শিশুকে গাছের ডাল দিয়ে পেটাচ্ছেন শিশু পরিবারের কম্পাউন্ডার মো. দুলাল। মাঝে মধ্যে চড়-থাপ্পড়ও দিচ্ছেন। আর শিশুরা আর করবো না বলে চিত্কার করছে। এ ব্যাপারে কথা বলতে গিয়ে কম্পাউন্ডার মো. দুলালকে শিশু পরিবারে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ পান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিনিধি। অফিস খোলা থাকলেও সেখানে ছিলেন না শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক ইসমত আরা খানম। পরে গণমাধ্যম কর্মীদের আসার খবর শুনে কার্যালয়ে আসেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।