ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিমান দেশগুলোর সাথে চুক্তি হওয়ায় দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এ খবর শোনার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। মেতে ওঠেন উল্লাসে। অবশ্য এ জন্য ইরানের পরমাণু কর্মসূচীর উপর কঠোর বিধিনিষেধ আরোপিত হবে।
ইরান ও যুক্তরাষ্ট্র দুজনেই এই চুক্তিকে ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘এই চুক্তির ফলে নিশ্চিত হল যে ইরান আর পরমাণু অস্ত্র তৈরি করতে পারছে না।’ তবে চুক্তিটির কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামার রাজনৈতিক প্রতিপক্ষ রিপাবলিকান নেতারা। মার্কিন কংগ্রেসে এই চুক্তি অনুমোদিত হওয়ার জন্য ৬০ দিন সময় রয়েছে।
ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল কর্তৃপক্ষও। এটাকে একটা চমকে দেয়ার মতো ভুল উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামেন নেতানিয়াহু বলেছেন, এটা পৃথিবীকে আরো বিপজ্জনক জায়গায় পরিণত করবে।
খবর বিবিসির।