সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পৈশাচিকভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা হোসেন বখত চত্বরে সামাজিক সংগঠন এ্যাকটিভ সিটিজেন্স ও কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজসেবক নুরুল হাসান আতাহের, এ্যাকটিভ সিটিজেন্সের সভাপতি মো.বুরহান উদ্দিন, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের যুগ্ম-সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, মো. রায়হান উদ্দিন।
বক্তারা বলেন, শিশু রাজনকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে তা সবাইকে কাঁদিয়েছে। ভয়াবহ এ ঘটনার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন।
উল্লেখ্য,গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁও এলাকায় শিশু রাজনকে চুরির অপবাদে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে একদল ঘাতক। ঘটনার দৃশ্য ভিডিও করে ইন্টারনেটেও ছড়িয়ে দেয় তারা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের দৃষ্টিগোচর হওয়ার পরই এ নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়।