ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নিরাপত্তারক্ষীকে চড় মারার অভিযোগে এক বিদেশি নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দিল্লি পুলিশ। চড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
তুরস্কের ওই নারী দিল্লিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজির হন। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মনমোহন সিং। তিনি নির্ধারিত সময়ের আগেই অডিটোরিয়ামে এসে উপস্থিত হওয়ায় নিরাপত্তার কারণে দর্শকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।
অনুষ্ঠানস্থলে ঢুকতে বাধা দেয়ায় নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা শুরু করেন ওই নারী। সেইসময় হঠাৎ ওই রক্ষীকে চড় মেরে বসেন তিনি। গোটা ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করেন উপস্থিত এক জন। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। সূত্র: এবিপি