রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে কিশোর শ্রমিক কর্তৃক মালিকের অপহূত ১৬ মাস বয়সের শিশুকে র্যাব উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারী দুই কিশোরকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো রমজান আলী (১৬) ও স্বপন (১৪)।
র্যাব জানায়, কামরাঙীরচরে শামীমের মালিকানাধীন একটি মানিব্যাগ তৈরির কারখানায় কাজ করে রমজান। ঈদে তাকে বোনাস ও জুন মাসের বেতন দেয়া হয়নি। কারখানার মালিকের কাছ থেকে বেতন চাইলে তা নিয়ে গড়িমসি করে। পরে রমজান তার বন্ধু স্বপনের সঙ্গে পরামর্শ করে মঙ্গলবার দুপুরে কারখানার পাশেই মালিকের বাসা থেকে ১৬ মাস বয়সীর শিশু জোবায়েরকে অপহরণ করে নিয়ে যায়। পরে শামীমের স্ত্রীর কাছে মোবাইল ফোনে মুক্তিপণ বাবদ ২ লাখ টাকা দাবি করে। র্যাব ওই ২ লাখ টাকা দেয়ার কথা বলে ছদ্মপরিচয়ে রমজানের সঙ্গে যোগাযোগ করে।
পরে বুধবার সকালে যাত্রাবাড়ী চৌরাস্তায় ফ্লাইওভারের নিচ থেকে জোবায়েরকে উদ্ধার করে। পরে র্যাব তাদের আটক করে।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা কিশোর হওয়ায় তাদের আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানোর সুপারিশ করা হবে।