কেরানীগঞ্জে তৈরি ঈদ পোশাকের কদর বাড়ছে

রাজধানীসহ সারাদেশের অভিজাত বিপণিবিতান থেকে ফুটপাতের মার্কেট দখল করে নিয়েছে কেরানীগঞ্জের পূর্ব আগানগর ও কালীগঞ্জের তৈরি বাহারি রং ও ডিজাইনের আধুনিক সব পোশাক। ঈদকে কেন্দ্র করে এখানে বিকিকিনি আরো জমজমাট হয়ে উঠেছে। শেষ মুহূর্তের কেনাকাটায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তৈরি পোশাকের বাজারের পাইকাররা।

 
কম দাম ও কাপড়ের গুণগতমান থাকায় ক্রেতারা লুফে নিচ্ছেন এ অঞ্চলের তৈরি পোশাক। বিশেষ করে রমজানের ঈদ এবং শীতকাল এই দুই মৌসুমই এখানকার ব্যবসায়ীদের ব্যবসার মূল সময়। রমজানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের চাহিদা মেটাতে গিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন দর্জিরা। কম করে হলেও এবারের রোজার ঈদ মৌসুমে ৪০ থেকে ৫০ কোটি টাকার তৈরি পোশাক সরবরাহ করা হবে বলে জানিয়েছেন এখানকার তৈরি পোশাক কারখানার মালিকরা।
 
কালিগঞ্জ, আগানগর ও শুভাঢ্যার বিভিন্ন কারখানায় ঘুরে দেখা গেছে, এখানকার তৈরি পোশাকের বাজারে ভিড় করছেন পাইকাররা। তাই দিন-রাত চলছে বাহারি সব পোশাক তৈরির কাজ। রোজার শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে পূর্ব আগানগরের তৈরি পোশাকের পাইকারি বাজার। দেশের প্রত্যন্ত অঞ্চলের পাইকাররা ভিড় জমাতে শুরু করেছেন এখানকার তৈরি পোশাকের বাজারে।
 
এ ব্যাপারে একতা সুপার মার্কেটের মালিক ও আসাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজি মো. আসাদ খান বলেন, মূলত শীত ও ঈদ মৌসুমই আমাদের সবচেয়ে বড় মৌসুম। তাই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনরাত কাজ করে যাচ্ছে এখানকার ১০ সহস্রাধিক শ্রমিক। পবিত্র শবে বরাতের পর থেকে কাজ শুরু হয়েছে এবং এ ব্যস্ততা চলবে শেষ রোজার দিন পর্যন্ত।
 
পূর্ব আগানগর খাজা-সুপার মার্কেটের ওমর ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. নুরুল আমীন লিটন জানান, বাংলাদেশের সবচেয়ে বড় তৈরি পোশাকের মার্কেট এটি। গত রোজার ও কোরবানির ঈদে দেশে কোনো রাজনৈতিক সহিংসতা না থাকার কারণে তাদের ব্যবসা মোটামুটি ভালো হয়েছে। এ বছরও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতারা ভিড় করেছে তাদের এ পোশাকের পাইকারি বাজারে।
 
তিনি বলেন, আগে বিদ্যুত্ সমস্যার কারণে অনেক সমস্যায় পড়তে হতো। কিন্তু কেরানীগঞ্জে এখন আর তেমন বিদ্যুত্ সমস্যা নেই। এ কারণে তাদের উত্পাদন আগের তুলনায় অনেকটাই বেশি।
 
এবারের ঈদে ছেলেদের প্যান্টের মধ্যে সবচেয়ে বেশি চলছে কলকাতা নাইট রাইডার্স, পিকে, ব্যাং-ব্যাং, হিমেশ, রোমিও, বিকিং, বেনসন, প্রোমা, ডিসকভারি নামের প্যান্ট। এছাড়া গেঞ্জির মধ্যে রয়েছে কেএনজি, গিফিনি, জিকিউ ও সিকে ।
 

পাশাপাশি মেয়েদের জন্যও রয়েছে বাহারি ডিজাইনের সব ধরনের পোশাক। এ বছর মেয়েদের পোশাকের মধ্যে বেশি চলছে কিরণমালা, জলপরী, জলনুপুর, ফ্লোরটাচ, চেন্নাই এক্সপ্রেস প্রভৃতি ডিজাইনের পোশাক।