নওগাঁর রাণীনগরে গত বুধবার দিবাগত রাতে যৌতুকের জন্য এক সন্তানের জননী জান্নাতুন নাইম (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে তার স্বামী আলমগীর হোসেনের (৩০) বিরুদ্ধে।
পুলিশ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে স্বামী, শাশুড়ীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিমপুর ইউপির চকাদিন গ্রামে।
রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, উপজেলার চকাদিন গ্রামের তালেব আলীর ছেলে স্বর্ণকার আলমগীর হোসেনের সাথে পাশের ত্রিমোহনী গ্রামের দোদন হোসেনের মেয়ে জান্নাতুন নাইমের দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলমগীর হোসেন যৌতুকের জন্য নাইমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এই অবস্থায় সম্প্রতি নাইমের দরিদ্র পরিবার থেকে বহু কষ্টে জামাইকে দোকান করার জন্য দেড় লাখ টাকা দেয়া হয়। আরও যৌতুকের জন্য আলমগীর ফের অত্যাচার শুরু করে নাইমের ওপর।
নাইমের ভাই আবু বক্কর সিদ্দিকের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, খুব সম্ভবত নাইমকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে তার দেড় বছরের শিশু সন্তান হোসাইনকে বাড়িতে রেখে তারা স্বপরিবারে পালিয়ে যান। এ ব্যাপারে রাণীনগর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।