জাপানের মূল ভূখণ্ডের দিকে বৃহস্পতিবার একটি শক্তিশালী টাইফুন ধেয়ে আসছে। ঝড়টির প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, ভূমিধস হয়েছে এবং ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে টাইফুনটি জাপানের অন্যতম প্রধান দ্বীপ শিকোকু থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এ সময় ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় ১৯৮ কিলোমিটার (১২৩ মাইল)।
ঝড়টি এখন ঘন্টায় ২০ কিলোমিটার বেগে উত্তর উত্তরপশ্চিমে অগ্রসর হচ্ছে। এটি যে পথে অগ্রসর হচ্ছে তাতে সন্ধ্যা নাগাদ শিকোকু দ্বীপে সরাসরি আঘাত হানবে। এর আগে ঝড়টি প্রধান দ্বীপ হোনশুর ওপর দিয়ে বয়ে যাবে।
বৃহস্পতিবার শিকোকু অঞ্চলে প্রবল বর্ষণ হচ্ছে। অঞ্চলটিতে বজ্রসহ দমকা ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া সংস্থা জাপানের দক্ষিণাঞ্চলে এই ঝড় ও বৃষ্টিপাতের প্রভাবে বন্যা, ঝড়ো হাওয়া, ভূমিধস ও বিরাট ঢেউয়ের আঘাতের আশঙ্কা করছে।
খবর বাসসের।