রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত

 
 
রাজধানীর রায়েরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ফুট ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে বাসচালক মারা গেছেন। নিহতের নাম কামাল হোসেন (৫০)। বৃহস্পতিবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতের ছেলে শিমুল জানান, ঢাকা-নোয়াখালী রুটে সোনালী পরিবহণ নামে তাদের নিজস্ব একটি বাস রয়েছে। বাসটি তার বাবা কামাল হোসেন চালায়। আর তার সঙ্গে শিমুল থাকেন। গত বুধবার রাতে বাস নিয়ে নোয়াখালী থেকে ঢাকায় আসেন। বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ী থানার  রায়েরবাগ এলাকায় বাসটি চালানোর সময় ফুটওভার ব্রিজের সঙ্গে বাসটি ধাক্কা লাগে। এতে তার বাবা কামাল হোসেন গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কামাল হোসেনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে বলে জানা গেছে।