রেলমন্ত্রী মুজিবুল হক এমপি জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সকল জেলায় রেলের লাইন নির্মাণ, পুরাতান রেল লাইন সংস্কার ও বন্ধ হওয়া রেল লাইন চালু করা হবে। রেলমন্ত্রী আরো বলেন, এবারের ঈদে যাত্রীদের নিরাপদ ভ্রমনের সকল ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফেনী রেল স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী এসব কথা বলেন।
রেলমন্ত্রী ফেনী রেল স্টেশনে পৌঁছে স্টেশন এলাকা ঘুরে দেখেন, যাত্রীদের সাথে বলে খোঁজ খবর নেন। তিনি এসময় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।
রেলমন্ত্রী আরো বলেন, এদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সরকার ছাড়া কোন সরকার রেলের উন্নয়ন করেনি। বর্তমান সরকার ক্ষমতা শেষ হওয়ার পূর্বে রেলের বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। ঢাকা-চট্টগ্রাম রেলপথে ডবল লাইন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
ঈদের পর সাত দিন পর্যন্ত স্পেশাল ট্রেন চালু থাকার কথা জানান তিনি। রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ঈদের ছটিতে যাত্রা নির্বিঘ্ন করতে কালোবাজারি ও নাশকতা প্রতিরোধ করা হবে।
এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল হক, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমিরুল আলম, ফেনী রেল স্টেশন মাস্টার মো. মাহবুবুল হক সহ সরকারী কর্মকর্তা ও ট্রেন যাত্রীরা উপস্থিত ছিলেন।