সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ ছয়জন নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানায়, বিকাল সাড়ে পাঁচটার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ এলাকায় বাসের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। তারা হলেন, বাবুল আক্তার, তার স্ত্রী মাহমুদা খাতুন এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে। শিশুটির নাম জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন জানান, টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে করে এই দম্পতি বগুড়া যাচ্ছিলেন। সয়দাবাদে পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী মারা যান।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানায়, বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার দিকে জেলার কটিয়াদী উপজেলাধীন কটিয়াদী-ঢাকা সড়কের বেতাল এলাকায় ট্রাক চাপায় মামুন, আবু সিদ্দিক ও জসিম উদ্দিন নামে তিন ব্যক্তি নিহত হয়েছেন।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।