মন্ত্রীরা ঢাকায়, আওয়ামী লীগ নেতারা ঈদ করবেন এলাকায়

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিবারের মতো এবারও তার সরকারি বাসভবন গণভবনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। ঈদের দিন সকালে গণভবনে দলীয় নেতৃবৃন্দ, বিচারপতি ও কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা। এবার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ঢাকায় ঈদ করছেন। তবে আওয়ামী লীগের বেশিরভাগ নেতা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। যারা এলাকায় ঈদ করতে পারছেন না তারা ঈদের আগে বা পরে নিজ এলাকার মানুষের সঙ্গে দেখা করে আসবেন ।

 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঢাকায় ঈদ করবেন। প্রায় প্রতিবার নিজ এলাকার মানুষের সঙ্গে ঈদ করলেও এবার শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ঈদ করবেন ঢাকায়। উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা ভোলায়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ঈদ উদযাপন করবেন ঢাকায়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঢাকায় ঈদ করবেন বলে জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব এস এম জাকারিয়া।
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ঈদ করবেন ঢাকায়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঈদ করবেন চট্টগ্রামের মিরসরাইয়ে তার নিজ এলাকায়। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামালও (লোটাস কামাল) ঈদ করবেন কুমিল্লায় তার এলাকায়। তবে ত্রাণ ও সমাজ কল্যাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ঈদ করবেন ঢাকায়। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ঢাকায় ঈদ করবেন বলে জানা গেছে।
 
বেশিরভাগ মন্ত্রী ঢাকায় ঈদ করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই এবার ঈদ করবেন নিজ নিজ এলাকায়। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত ঈদ উদযাপন করবেন সুনামগঞ্জে তার নির্বাচনী এলাকায়।
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ ঈদ করবেন তার নিজ এলাকা ফরিদপুরের ভাঙায়। দলের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন ঈদ করবেন তার নিজ এলাকা মুন্সীগঞ্জের লৌহজংয়ে। এলাকায় ঈদ করতে যাবেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তবে সংসদ উপনেতা ও দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এবং উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস শারীরিকভাবে অসুস্থ। তারা দু’জনই ঈদ করবেন ঢাকায়।
 

এছাড়া ঢাকায় ঈদ করবেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব) ফারুক খান। ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ঈদ করবেন নোয়াখালীতে। ঈদে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী নিজ জেলা চাঁদপুরে থাকবেন। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু ঈদ করবেন মুন্সীগঞ্জে। তবে ঢাকা থেকে নির্বাচন করেন এমন নেতাদের বেশিরভাগই ঈদ করবেন ঢাকায়। দলের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ঢাকায় ঈদ করবেন।