ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেছে শুক্রবার থেকেই। যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট দুই কিলোমিটার থেকে তিন কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। এতে ঘরমুখো মানুষদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঈদের আগের দিন হওয়ায় সব মানুষ বাড়ি যাচ্ছে। সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে প্রচুর যানবাহনের চাপ পড়েছে। তাছাড়া মহাসড়কে বেশ কিছু অন্য সড়কের গাড়ি প্রবেশ করেছে।
এদিকে, ফিটনেসবিহীন গাড়িগুলো কোথাও কোথাও বিকল হয়ে পড়ে থাকায় মহাসড়কে যানবাহন চলাচলে ধীর গতি দেখা গেছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ম্যানেজার (বাণিজ্য) সালাউদ্দিন জানান, ঈদের আগের দিন ঘাটে চাপ থাকে। বর্তমানে পাটুরিয়া ঘাটে প্রায় তিন কিলোমিটারের মত যানজট রয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলা করার মত পর্যাপ্ত ফেরি পাটুরিয়া ঘাটে রয়েছে। এতে করে কোনো সমস্যার সৃষ্টি হবে না।