ঝুঁকিতে কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা সড়কের সেতু

 
কুষ্টিয়ার মিরপুর উপজেলার গঙ্গা-কপোতাক্ষ (জি,কে) প্রধান খালের গোবিন্দগুনিয়ায় প্রায় অর্ধশত বছর পুরনো সেতুটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটির রেলিং ভাংতে ভাংতে এটি এখন ন্যাড়া সেতুতে পরিণত হয়েছে। পাশাপাশি সেতুটির পাটাতনও ক্ষতিগ্রস্ত হয়ে পুরো সেতুটিই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
 
সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন শতশত বালিবোঝাই ট্রাক, লোকাল বাস, মাইক্রোবাস, ইঞ্জিন চালিত যানবাহক চলাচল করছে।
 
গত বছরের ১৭ অক্টোবর ওই সেতুতে ৪র্থ শ্রেণীর শিশু ট্রাক চাকায় নিহত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান অতিসত্বর সেতুটি নির্মাণের আশ্বাস দেন। তবে তাদের এই আশ্বাস এখনো আলোর মুখ দেখেনি।
 
এদিকে গতকাল ১৬ জুলাই রাতে প্রবল বর্ষণে সেতুটির পূর্বপাশের পাটাতনের বেশ কিছু অংশ ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই যথাযথ ব্যবস্থা না নিলে সেতুটিতে ভারী যানবাহনের চাপে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সাথে যোগাযোগ করলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানিয়েছেন।