বাস থামিয়ে চালককে মারধর, উপজেলা চেয়ারম্যান আটক

বাসের চালককে মারধর করার অভিযোগে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি সমর্থিত ইজাদুর রহমান মিলনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজাহারুল ইসলাম জানান, ইজাদুর রহমান মিলনকে বহনকারী জিপকে সাইড না দেয়ায় রাজেন্দ্রপুর এলাকায় ময়মনসিংহগামী আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে চালককে মারধর করে। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান বাসের চালককে গুলি করতে উদ্যত হয়। এসময় টহল পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলিসহ তাকে আটক করে। 
 
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি যাত্রীবাহী বাসের চালককে গুলি করার চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়। এ সময় একটি পিস্তল ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।