র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, 'সবাই মিলে যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর থাকবে'। তিনি আশ্বাস দিয়ে বলেন, এ জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বেনজীর আহমেদ জানান, ঈদ উদযাপন করতে প্রায় ৬০ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এসময় তিনি, বাড়ি ফেরার জন্য মানুষকে যানবাহনে ঝুঁকি না নেওয়ার অনুরোধ করেন।
তিনি জানান, জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তায় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বসানো হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াড এবং গোয়েন্দারা ঈদগাহ মাঠের নিরাপত্তায় কাজ করছেন।
শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার ঈদ উদযাপন করা হবে বাংলাদেশে। সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে। সকাল সাড়ে ৮টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ এ জামাতে ঈদের নামাজ পড়বেন।