লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে হকারের মৃত্যু

 
ঢাকার সদরঘাটে এক লঞ্চ থেকে লাফিয়ে আরেক লঞ্চে যাওয়ার সময় বুড়িগঙ্গায় পড়ে এক হকারের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান জানান, নিহত হারুনের (৪৫) বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তিনি সদরঘাটে হকারের কাজ করতেন। 
 
তিনি আরো জানান, ১৩ নম্বর পণ্টুনের কাছে এমভি মহানগরী লঞ্চ থেকে লাফিয়ে এমভি ভোলা লঞ্চে যাওয়ার চেষ্টা করেন হারুন। এ সময় ব্যর্থ হয়ে বুড়িগঙ্গায় পড়ে যান তিনি। পরে বিকেল সাড়ে তিনটার দিকে ডুবুরিরা নদী থেকে তার লাশ উদ্ধার করেন। নিহতের শরীরে জখমের চিহ্ন নেই। পানিতে ডুবে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।