আজ পবিত্র ঈদুল ফিতর

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এরই মধ্য দিয়ে শেষ হলো পবিত্র মাহে রমজান। শনিবার সারাদেশে একযোগে উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
 
শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সংবাদ সম্মেলনে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ জেলায় ঈদের চাঁদ দেখা যাওয়ার খবর কমিটির কাছে এসেছে। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘ঈদ মোবারক'।
 
শাওয়ালের চাঁদ দেখা দেয়ায় এবার হিজরি সালের রমজান মাস শেষ হল ২৯ দিন। মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়ায় ঈদ উদযাপিত হয়।
 
এদিকে, সিয়াম সাধনার পর ঈদ উৎসবে মেতেছে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়। রাষ্ট্রপ্রধান আবদুল হামিদ ও সরকারপ্রধান শেখ হাসিনা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
 
শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯ রোজা হয়েছে। 
 
আইন-শৃঙ্খলা বাহিনীর হিসাবে এবার রাজধানীর প্রায় ৬০ লাখ মানুষ স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে গ্রামে গেছেন। যানজট আর পথের ভোগান্তির পরও ঈদের চাঁদ দেখার খবরে উৎসবের রঙ ছড়িয়েছে দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
 
আজ সকাল থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই দলে দলে মানুষ ছুটে গেছেন বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে।