আজমিরীগঞ্জে হামলা-পাল্টা হামলায় নিহত ১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় একজন নিহত হয়েছে। এতে আহত হয় অন্তত ৪ জন। এ ঘটনায় রবিবার পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।
 
আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী জানান, ওই উপজেলার কামালপুর গ্রামের হারিছ মিয়া (২৭) চুরির মামলায় কারাগারে আটক ছিলেন। তখন পার্শ্ববর্তী বাড়ির রতন মিয়া (৩০) হারিছের স্ত্রীর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কারাগারে থেকে তিনি বিষয়টি জানতে পারেন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। পরে বিষয়টি নিয়ে রতনের সাথে তার কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে শনিবার রাতে উভয়ের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে রতন মিয়া, হারিছের মা এলাছি বিবিসহ (৬০) ৪ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 
 
রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রতন মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হারিছসহ ৫ জনকে আটক করে।