যুক্তরাষ্ট্রের টেনিসিতে হামলাকারী বিষণ্নতায় ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার তারা এ কথা বলেন। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছিল তদন্ত কর্মকর্তারা তা জানার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার চাট্টানুগার দুটি সামরিক কেন্দ্রে এ হামলা চালানো হয়। ২৪ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ আব্দুল আজিজের হামলায় ৪ মার্কিন মেরিন সেনা এবং এক নাবিক নিহত হন। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হন।
হামলাকারীর পরিবার এক বিবৃতিতে জানায়—আব্দুল আজিজ বহু বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন। তারা তদন্ত কর্মকর্তাদের সাহায্য করবে। নিহতদের পরিবারের সদস্যদের প্রতিও তারা গভীর সমবেদনা জানিয়েছে।
এ দিকে, মার্কিন কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছে।